আখাউড়া (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): কয়েক দিনের টানা বর্ষণে খাল বিলে পানি উপচে পড়ছে। বেড়েছে নতুন মাছের আনাগোনা। তাই ধুম পড়েছে মাছ ধরার। আর মাছ ধরতে প্রধান উপকরণ চাঁইতো চা’ই। জেলার কসবার নতুন বাজারের চাঁইয়ের হাটে সে কারণে ক্রেতা বিক্রেতাদের দম ফেলার ফুসরত নেই। প্রতি শনিবার এখানে বসে চাঁইয়ের হাট।
শনিবার সরজমিনে হাটের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বছর আষাঢ় থেকে অগ্রহায়ন মাস পর্যন্ত চলে এই চাঁইয়ের হাটে। টি.আলী ডিগ্রী কলেজের পাশে গড়ে ওঠা এ বাজারে চাঁই ছাড়া অন্যকিছু বিক্রি হয় না। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পাইকারদের আনাগোনা। তবে বেশিরভাগ চাঁই বিক্রেতাই উপজেলার বিলগড় ও পানিয়ারুপ এলাকার।
চাঁই বিক্রেতা লিটন মিয়া ও দুবরাজ মিয়াসহ অন্যান্যরা জানান, আষাঢ় মাস থেকে এ বাজার শুরু হলেও কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় শনিবার ক্রেতা বেড়েছে অনেকগুণ। প্রতিটি চাঁই সর্বনিন্ম ২৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। লাভ হয় অর্ধেকের মত। কসবা উপজেলা বিভিন্ন গ্রাম ছাড়াও কুমিল্লা ও সিলেট থেকে অনেকেই এ হাটে চাঁই কিনতে আসে। তবে এ হাট ছাড়াও কসবার পুরান বাজারে প্রতি বধুবার চাঁই বিক্রি হয় বলে জানান বিক্রেতারা।
//আখাউড়া, ২০ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)//একেএ//







