ঢাকা (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার জনগণের স্বার্থে প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা থেকে সরে দাড়ানোর সময় এসেছে। এসময় ওবামা সিরিয়ায় দমন নীতিরও নিন্দা করেন। সিরিয়ায় পাঁচ মাস ধরে সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে দমনাভিযান এবং নির্যাতন চালানো হচ্ছে বলে যে অভিযোগ রয়েছে। সেই প্রক্ষোপটে সিরিয়িার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
যদিও যুক্তরাষ্ট্র এরআগেও বলেছে , প্রেসিডেন্ট আসাদ সরে গেলে সিরিয়ার জন্য ভাল হয়। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি বাশার আল আসাদকে পদত্যাগের আহবান জানিয়েছেন। ওবামার সঙ্গে সুর মিলিয়েছে বৃটেন, ফ্রান্স এবং জার্মানীসহ ইউরোপের বড় দেশগুলো।
হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণ শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণের যে চেষ্টা চালাচ্ছে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অনুপ্রাণিতবোধ করছে। গণতন্ত্র্র উত্তরণের এই শান্তিপূর্ণ আন্দোলনে দমন ও নির্যাতন চালানোর কথাও উল্লেখ করা হয়েছে ঐ বিবৃতিতে।
এমন দমন নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার জনগণের স্বার্থে এখন বাশার আল আসাদের ক্ষমতা থেকে সরে দাড়ানো বা পদত্যাগের সময় এসেছে। বারাক ওবামা বলছিলেন, সিরিয়ার ভবিষ্যত নির্ধারণ করবে দেশটির জনগণ। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেই জনগণের পথে বাধা হয়ে দাড়িয়েছেন।
এছাড়াও যুক্তরাষ্ট্রে সিরিয়ার সকল সম্পদ জব্দ করা হয়েছে এবং সিরিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীদের সমর্থক লন্ডন ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের প্রধান সম্পদক মালিক আল আব্দুল বলেছেন, দমন অভিযান বন্ধ করা হবে সেটা তিনি বিশ্বাস করেন না।
মালিক আল আব্দুল বলছিলেন, সিরিয়ার বিভিন্ন জায়গায় সেনা অভিযান অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে লাটাকিয়া এলাকায় কয়েকদিন ধরে সেনা অভিযান চালিয়ে ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে। এই বন্দনগরীতে আসলে নির্যাতনের ভয়াবহতা সম্পর্কে এখনও পরিস্কার জানা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সেখানে সরকার বিরোধীরা অন্য দেশের হস্তক্ষেপ চাইছে।
অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, সিরিয়ার মনবাধিকার লংঘন হয়েছে, যা আন্তর্জাতিক আদালতে নেওয়া উচিত।
// ঢাকা, ১৯ আগষ্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







