বাংলাটাইমস রিপোর্ট: সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। শনিবার সকালে জেলা জজদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেছেন তিনি। শফিক আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের পঞ্চদশ সংবিধান সংশোধনীর রায়ের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা উল্লেখ নেই।
তিনি আরো বলেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার ৪২ দিন আগে প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিয়ে দৈনন্দিন কাজ চালানোর জন্য একটি সরকার গঠন করবেন। এ মন্ত্রী পরিষদের সদস্য কে হবেন তা রাষ্ট্রপতিই ঠিক করবেন বলেও জানান মন্ত্রী।
প্রয়োজনে ২ বার তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করা যাবে এ রকম কোনো বিষয় উচ্চ আদালতের রায়ে নেই—উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারা এমন বক্তব্য দিচ্ছেন তারা শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন।
জেলা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী।
//ঢাকা, ২২ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর)//কে কে//







