বাংলাটাইমস রিপোর্ট: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, “বিএনপি-জামায়াত জোটের ধারাবাহিক আন্দোলন করার যোগ্যতা নেই। বিরোধী দলের আন্দোলন কেবল পত্রিকা আর টেলিভিশনের মধ্যেই সীমাবদ্ধ।” ” কোরামিন দিয়েও সরকারের শেষ রক্ষা হবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে দিলীপ বড়ুয়া বলেন, “কোরামিন দিলে রোগী যেমন সুস্থ হয়, নতুন উদ্যোমে কাজ শুরু করে ঠিক তেমনি সরকারের মন্ত্রিসভার সদস্যরাও নতুন উদ্যমে কাজ করে সরকারকে অগ্রসর করবে।”
শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভায় দিলীপ বড়ুয়া এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বলেও মন্তব্য করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। যারা গণতন্ত্রকে দুর্বৃত্তায়ন করছে, তাদের ক্ষমতায় আসা পাপ ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন বামপন্থী এ নেতা।
সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে তিনি বলেন, “কিছু কিছু জ্ঞান পাপী বুদ্ধিজীবী সরকারের সাফল্য দেখতে পান, ছোট খাটো ভুলত্রুটিই বড় দেখেন। তারাও অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার খোয়াব দেখছেন।”
জোটের ঐক্য অটুট আছে দাবি করে মহাজোটের এ নেতা বলেন, “ভবিষ্যতেও আমাদের ঐক্য অটুট থাকবে।”
// ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //







