চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে গ্যাসভিত্তিক ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে প্রতিদিন ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। জুলাই মাসের শেষদিক থেকে এই কেন্দ্র থেকে ক্রমাগতভাবে বিদ্যুৎ উৎপাদন বেড়ে এখন তা ১৬০ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। উৎপাদন কেন্দ্রের যাবতীয় সব কাজ সম্পন্ন হলেও দাপ্তরিক কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে উৎপাদন কেন্দ্রের যাবতীয় দায়িত্ব বুঝে নিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছুটা সময় লাগছে।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সব কাজই শেষ। এখন শুধু টুকটাক কাজ চলছে। আর এসব কাজের মধ্যে রয়েছে : উৎপাদন কেন্দ্রের ভেতরে রাস্তা তৈরি, পানির পাইপ ও বিদ্যুতের কিছু সকাজ।
আবুল খায়ের জানান, বর্তমানে প্রতিদিন এখান থেকে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। চলতি মাসের শেষদিকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত তারিখ নির্ধারণ হয়নি।
২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১ হাজার ২শ’ ১ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছে চায়না প্রতিষ্ঠান চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের গ্রিড স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস বালুর মাঠে অবস্থিত বিদ্যুৎ প্রকল্পের কাজ ইতোমধ্যে ৯৯ ভাগ কাজ হয়েছে। চলতি বছরের মার্চ মাস থেকে এই কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়। বর্তমানে এই কেন্দ্র থেকে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
// চাঁদপুর, ১৪ সেপ্টেম্বর (বাংলাটাইমস টুয়েন্টিফোর) //টি এম //






