বাংলাটাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার বলেছেন, মৃত্যুদণ্ড বা সামরিক আদালতে বিচারের সম্মুখীন হবার ঝুঁকি থাকলে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেন থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের সম্ভাবনা নেই। ব্রিটিশ কর্তৃপক্ষ যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যার্পণ মামলায় জয়লাভ করলেও অ্যাসাঞ্জ লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়ায় তারা এখনো তাকে সুইডেনে পাঠাতে পারেনি।
৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জের সমর্থকরা বিশ্বাস করে যে সুইডেন পাঠানো হলে তাকে সেখান থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করা হতে পারে। আর সেখানে তার বিরুদ্ধে বিপুল সংখ্যক স্পর্শকাতর গোপন মার্কিন নথিপত্র প্রকাশের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বব কার বলেন, অস্ট্রেলিয়া তার নিজ বিচারব্যবস্থার বাইরে কোন মামলায় জড়াতে পারে না। তবে স্টকহোম ইঙ্গিত দিয়েছে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সম্ভাবনা নেই।
ফিনান্সিয়াল রিভিউকে তিনি বলেন, এটা অস্ট্রেলীয় কূটনীতির বিষয় নয়। এটি কনস্যুলার সহায়তার বিষয়।
তিনি বলেন, আমরা সুইডেনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের ব্যাপারে আশ্বাস চেয়েছি। তারা আমাদের বলেছেন যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অথবা সামরিক বাহিনীর বা গোয়েন্দা সংশ্লিষ্ট ব্যাপার না হলে তারা কাউকে প্রত্যার্পণ করেন না।
উইকিলিকস সুইডেনের কাছে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে।
স্টকহোম ওয়াশিংটনের কাছ থেকে প্রত্যার্পণের ব্যাপারে কোন অনুরোধ পায়নি উল্লেখ করে সুইডেনের বিচারমন্ত্রণালয়ের উপদেষ্টা পের হেডভাল বলেন, অ্যাসাঞ্জ যে নিশ্চয়তা চেয়েছেন তা দেয়া-না-দেয়া ওয়াশিংটনের ব্যাপার।
হেডভাল অস্ট্রেলিয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তার মন্তব্য সাধারণভাবে সুইডেনের বিচারব্যবস্থার ক্ষেত্রেই প্রাসঙ্গিক।
তবে মঙ্গলবার তিনি বলেন, যে দেশ প্রত্যর্পণের অনুরোধ করবে কোন ধরনের নিশ্চয়তার বিষয়টি সে দেশের পক্ষ থেকেই আসতে হবে।
দেশের নিজস্ব আইন এবং সুইডেনের স্বাক্ষরিত ইউরোপীয় মানবাধিকার সনদ অনুযায়ী সুইডেন মামলায় অভিযুক্ত কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারে এমন কোন দেশে প্রত্যর্পণ করতে পারে না।
ওয়াশিংটন বলেছে, অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠাতে ব্রিটেনের প্রচেষ্টার সাথে তাদের কোন সম্পর্ক নেই। এছাড়া অ্যাসাঞ্জকে গ্রেফতারের জন্য ওয়াশিংটন মরিয়া হয়ে উঠেছে এমন অভিযোগও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
// ঢাকা, ২২ আগস্ট (বাংলাটাইমস






