বাংলাটাইমস রিপোর্ট: আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রনেডে হামলার ৮ বছর পূর্ণ হলো আজ। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে ওই গ্রেনেড হামলা চালানো হয়।
হাসলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই হামলায় দলের তৎকালীণ মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রীয়।
চারদলীয় জোট সরকারের সময়ে জজ মিয়ার নাটক সাজানো হয়। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান। ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দেয় সিআইডি। মামলার মোট ৫২ আসামির মধ্যে পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আদালতে আত্মসমর্পণ করেছেন। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দু’টিতে রাষ্ট্রপক্ষের ৬৩ নম্বর সাক্ষী ঢাকার মহানগর এলাকার সাবেক ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানের সাক্ষ্য গ্রহণ চলছে।
দিবসটি উপলক্ষে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।
২১ আগস্টের হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোস্তাক আহমেদ সেন্টু, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মাহবুবুর রশীদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম (সকলের কাছে তিনি আদা চাচা নামেই বেশি পরিচিত ছিলেন), মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া বেগম, মাদারীপুরের যুবলীগ নেতা লিটন মুন্সী ওরফে লিটু, নারায়ণগঞ্জের রতন সিকদার, মহানগর রিকশা শ্রমিক লীগ নেতা মো. হানিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মমতাজ রীনা, সরকারি কবি নজরুল ইসলাম কলেজের ™ি^তীয় বর্ষের ছাত্র মামুন মৃধা, ঢাকা মহানগর যুবলীগ নেতা বেলাল হোসেন, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ কর্মী আবদুল কুদ্দুস পাটোয়ারী, যুবলীগ নেতা আতিক সরকার, শ্রমিকলীগ কর্মী নাসির উদ্দিন সর্দার, স্বেচ্ছাসেবকলীগ নেত্রী রেজিয়া বেগম, আবুল কাসেম, জাহেদ আলী, মমিন আলী, যুবলীগ নেতা শামসুদ্দিন আবুল কালাম আজাদ এবং ইছহাক মিয়া।
//ঢাকা, ২১ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//







