বাংলাটাইমস ডেস্ক: ভারত বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় এ কথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ এর সাথে নয়া দিল্লীতে এক বৈঠকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শুক্রবার নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক হয়।
এরশাদ বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। এর মধ্যে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি’র অংশগ্রহণের বিষয় নিয়েও আলোচনা হয়।
এরশাদ ভারত সরকারের আমন্ত্রণে তার পাঁচ দিনের সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সন্তোষজনক হিসেবে বর্ণনা করে তার প্রতি আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরশাদ বলেন, সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন এবং পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইর সঙ্গেও বৈঠক করেছেন।
// ঢাকা, ১৭ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






