ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভিজিএফ’র চাল বিক্রির সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সদস্য আবু হাসান ও স্থানীয় জুলুলী বাজারের চাল ব্যবসায়ী শফিউদ্দিন। তাদের কাছ থেকে ছয় মণ চাউল উদ্ধার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবু হাসান বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় জুলুলী বাজারে চাল ব্যবসায়ী শফিউদ্দিনের নিকট ভিজিএফের চাল বিক্রি করতে আসে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ইউপি সদস্য আবু হাসান ও চাল ব্যবসায়ী শফিউদ্দিনকে চালসহ আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তাদের দু’জনকে আটক করে এবং ৬ মণ ভিজিএফের চাল উদ্ধার করে।
এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।
// ঝিনাইদহ, ১৭ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






