ফরিদপুর প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জি. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারাই আজো বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের দালালী করে। জাতীয় শোক দিবসের দিনে নির্লজ্জভাবে কেক কেটে তাদের জন্ম দিন পালন করে। কিন্তু কোন শক্তিই বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফাঁসির রশি থেকে বাঁচাতে পারবে না। একই সাথে যদি যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করা না হয় তবে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানি করা হবে।
শ্রম মন্ত্রী বৃহস্পতিবার সকালে শহরের কবি জসীম উদ্দীন হলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর শিশু একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, এস এম নূরুন্নবী। পরে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
// ফরিদপুর, ১৬ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






