বাংলাটাইমস রিপোর্ট: বুয়েটে নতুন শিক্ষা বর্ষের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরুর নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
গত সপ্তাহে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন জমা দেন ইউনুস। ওই আবেদনের উপর শুনানি করে মঙ্গলবার আদেশ দেন আদালত। মূল রিটের আদেশের তিন দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশে বিবাদীদের প্রতি নির্দেশনা চেয়েছিলেন ইউনূস আলী।
উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে গত ১০ জুলাই রোজা ও ঈদের ছুটি এগিয়ে এনে ১১ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে গণপদত্যাগেরও ঘোষণা দেন তারা। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগের পর তারা গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেন। হাই কোর্ট আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দিলে তারা কর্মসূচিও স্থগিত করেন।
গত ৩১ জুলাই মূল রিটের শুনানি শেষে দেওয়া ওই আদেশে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ধারাবাহিক আন্দোলনে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করে হাই কোর্ট।
শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
// ঢাকা, ১৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







