বাংলাটাইমস রিপোর্ট: পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন এক আইনজীবী। ড. ইউনুস আলী আকন্দ নামের এই আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন। মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে দুটি রুল এবং দুটি অন্তর্বতীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিট আবেদনে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিলে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে রুল চেয়েছেন ইউনুস আলী।
একইসঙ্গে ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করার অন্তর্র্বতীকালীন আদেশ এবং ২০১২-১৩ সেশনে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞাপন প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
রোববার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর প্রতিবাদে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং অবস্থান ধর্মঘট পালন করেন। বিক্ষোভ ও মানববন্ধন হয় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও।
// ঢাকা, ১৩ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







