বাংলাটাইমস রিপোর্ট: নিজস্ব আয় বাড়ানোর শর্ত আরোপ করে সংসদে যে বিল উত্থাপন করেছে তা বাদ দিয়ে নিজস্ব আয় ও সরকারিভাবে বরাদ্দ করা টাকা দিয়ে তিন বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের বিধান রেখে বিল চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই কমিটির বৈঠকে এ-সংক্রান্ত তিনটি বল চূড়ান্ত করা হয়।
গত ২ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে সংসদে তিনটি পৃথক বিলে বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখর কথা উল্লেখ ছিল। সংসদীয় কমিটি রোববার বিল তিনটি যাচাই করে ‘নিজস্ব আয়ের বাড়ানো’র অংশটুকু বাদ দিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়নের পরে এর ব্যয় জোগানে সরকারের বরাদ্দ ধীরে ধীরে কমবে এবং পঞ্চম বছর থেকে ব্যয়ের শতভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বহন করতে হবে। ২০০৬ সালে প্রণীত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনেও একই বিধান রাখা হয়েছিল। তবে এক্ষেত্রে সময়সীমা ছিল ১০ বছর।
বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বিলে যে শর্ত দেওয়া হয়েছে, তার কোনো প্রয়োজন নেই। বিলের মূল উদ্দেশ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ নয়।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনের এই বিধান সংশোধনের জন্য আন্দোলন শুরু করেন। পরে সরকার এ বিধান পরিবর্তনের আশ্বাস দেয়।
// ঢাকা, ১২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //







