বাংলাটাইমস ডেস্ক: ইরানে দুই দফা ভূমিকম্পে ২৫০ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা বলছেন উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে দুই হাজারের বেশি লোক আহত হয়েছেন। ৬ দশমিক চার এবং ৬ দশমিক তিন মাত্রার ভূমিকম্প দুটি তাবরিজ ও আহার শহরের কাছে আঘাত হানলে শহরটির সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তাবরিজ শহরটির সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান কর্তৃপক্ষ নিদিষ্ট করে কিছু জানায়নি। তবে স্থানীয় একজন কর্মকর্তা বিবিসি কে জানিয়েছে প্রায় ৬০ টির মত গ্রাম ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে।
বড় দুটি ভূমিকম্প আঘাত হানার পর আরও ১০ টি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেখানকার বাসিন্দারা আতঙ্কে সবাই রাস্তায় অবস্থান করছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে তাবরিজ শহরে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে। তবে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। কর্মকর্তারা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। তারা ভূমিকম্প পরবর্তী কম্পনের ব্যাপারে সর্তক করে সবাইকে খোলা জায়গায় থাকার আহবান জানিয়েছেন। এর আগে ২০০৩ সালে ইরানের বাম শহরে ভূমিকম্প আঘাত হানলে ২৫ হাজার মানুষ নিহত হন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর বলছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩ মিনিটে প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল তাবরিজ শহরের ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে। এর ১১ মিনিটের মাথায় তাবরিজের ৪৯ কিলোমিটার উত্তরপূর্বে একই গভীরতায় দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি। এরপর ১৮টি পরাঘাত অনুভূত হয়েছে ওই এলাকায়।
//ঢাকা, ১২ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর)// কে কে//







