বাংলাটাইম ডেস্ক: নাসার পাঠানো রোবটচালিত যান কিউরিসিটি ‘মঙ্গলে ত্রুটিহীনভাবে’ আরো একটি দিন পার করলো। নাসা বুধবার নিশ্চিত করেছে যে, দু’শ’ পঞ্চাশ কোটি মার্কিন ডলার ব্যয়ে পাঠানো অনুসন্ধানী যানটির অ্যান্টেনা যোগাযোগ লিংক ও জেনারেটর সবকিছু ঠিক-ঠাক মতো কাজ করছে। ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় জেট প্রপালশন ল্যাবরেটরিতে এক সংবাদ সম্মেলনে মিশন ম্যানেজার জেনিফার ত্রসপার সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, এটিই মিশনের প্রথম অংশের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, বৃহস্পতিবার কিউরিসিটির নতুন সম্প্রসারিত রিমোট সেন্সিং অগ্রাংশে সংযুক্ত এক জোড়া বড় চোখের মতো দু’টি ক্যামেরা ব্যবহার হবে, যাতে বিজ্ঞানীরা প্রথমবারের মতো রোভারটি’র চারদিকের সম্পূর্ণ রঙিন ৩৬০ ডিগ্রি ছবি দেখতে পাবেন। নাসা বুধবার একটি লো রেজোলুশনের সাদাকালো ছবি প্রকাশ করেছে, যাতে দূরে নিচু পর্বত এবং পলি-আবৃত বিশাল সমতল দেখা যাচ্ছে।
মিশনের একজন বিজ্ঞানী জন গ্রৎজিনজার বলেন, এ ছবি থেকে প্রাথমিক ধারণা হয় যে, মঙ্গল পৃষ্ঠের সঙ্গে পৃথিবীর বেশ সাদৃশ রয়েছে।
তিনি বলেন, মঙ্গলের পর্বতগুলো ক্ষয় হয়েই পলির আবরণ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, পর্বতের জ্বালামুখে জমা হওয়া পলির স্তর পানিবাহিত হয়েই এসেছে।
// ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক) // টি এম //






