বাংলাটাইমস ডেস্ক: লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) বুধবার দেশটির নবনির্বাচিত সাধারণ জাতীয় কংগ্রেসের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। এর ফলে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ৪০ বছরের এক নায়কতন্ত্রের অবসানের পর গণতান্ত্রিক কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো। এনটিসি প্রধান মুস্তাফা আবদেল জলিল বলেন, ‘আমি সাধারণ জাতীয় কংগ্রেসের কাছে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করছি। এখন থেকে এ কংগ্রেসই হবে লিবিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি।’
লিবিয়ার অন্তর্বর্তী নেতা সন্ধ্যার পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৭ জুলাই নির্বাচিত ২০০ সদস্যের আইনসভার জ্যেষ্ঠ সদস্যের কাছে প্রতীকীভাবে ক্ষমতা হস্তান্তর করেন। এর কয়েক মিনিট পরই লিবিয়ার সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট কংগ্রেসের ২শ’ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এনটিসি সদস্য ওসমান বিন সাসি এএফপিকে বলেন, ‘এনটিসির এখন আর কর্তৃত্ব নেই। এটি বিলুপ্ত হয়ে গেছে।’
আবদেল জলিল ‘লিবিয়ার ইতিহাসে প্রথম ক্ষমতা হস্তান্তরের এ ঘটনাকে লিবিয়ার সকল নাগরিকের জন্য ‘ঐতিহাসিক মুহুর্ত’ হিসেবে অভিহিত করেন। তবে তিনি অন্তর্বর্তী সময়ে কিছু ‘ভুলত্রুটি’র কথা স্বীকার করে বলেন, নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ ইস্যু যথাসময়ে সমাধান হয়নি। শরণার্থী সংকট নিরসনে একটি সমাধানের পথ খুঁজে বের করার ক্ষেত্রে তিনি এনটিসির ব্যর্থতাকে ‘সত্যিকার ট্রাজেডি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা আমাদের ও লিবিয়ার জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হইনি।’
লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আইনসভার জন্য অস্থায়ী ভেনুর ব্যবস্থা করা হয়েছে। আইনসভা এক সপ্তাহ পর কাজ শুরু করবে। হোটেলের অপর একটি কক্ষ জেনারেল ন্যাশনাল অ্যাসেমব্লি’র সদর দফতর হিসেবে ব্যবহৃত হবে। ৪০ মিনিট স্থায়ী এ অনুষ্ঠান চলাকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
//ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক) // টি এম //







