বাংলাটাইমস রিপোর্ট: বেশি প্রিমিয়াম নিয়ে যাতে কোনো কোম্পানি প্লেসমেন্ট শেয়ার বিক্রি করতে না পারে এ ব্যাপারে শিগগিরই এসইসির তরফ থেকে নীতিমালা আসছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অবৈধ শেয়ার ব্যবসা বন্ধে এসইসি এ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেন। বৃহস্পতিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খাইরুল হোসেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যদি প্লেসমেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান তাহলে কোনো বাধা নেই। কিন্তু কোনো কোম্পানি এক টাকা প্রিমিয়াম নিয়ে আর বাজার প্লেসমেন্টে আসতে পারবে না।’ পুঁজিবাজারে তালিকাভুক্তির আগেই অনেক কোম্পানি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে মূলধন সংগ্রহ করে থাকে। আর এভাবে শেয়ার বিক্রির প্রক্রিয়া প্লেসমেন্ট নামে পরিচিত। কিন্তু প্লেসমেন্ট বিষয়ক সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় কোম্পানিগুলো অভিহিতমূল্যের অনেকগুণ বেশি দামে শেয়ার বিক্রি করে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ২৫০ টাকায় বিক্রি করেছে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এসব কোম্পানি আইপিওতে অর্ধেক দামে শেয়ার বিক্রি করে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার চেয়ে কয়েকগুণ বেশি প্রিমিয়াম নিধার্রণ করে। আর অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। ফলে অবৈধ এ প্লেসমেন্ট বাণিজ্য বন্ধে শিগগিরই নীতিমালা করতে যাচ্ছে এসইসি। আর বাজার স্থিতিশীলতার স্বার্থে ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তাদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ড. খাইরুল।
// ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর০ // টি এম //






