বাংলাটাইমস টুয়েন্টিফোর: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্ণেল (অব) শওকত আলী বলেছেন, রাজাকার শব্দটি একটি পবিত্র শব্দ। কিন্তু ১৯৭১ সালে পাকিস্তানিরা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তাদের এ দেশীয় দোসরদের এই শব্দে ভূষিত করে পবিত্র শব্দটিকে অপবিত্র করেছে। তিনি বলেন, যারা সুকৌশলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ধর্ম যুদ্ধ হিসেবে চালাতে চেয়েছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জনের মাধ্যমে তাদের সেই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ছায়ানট মিলনায়তনে জাতীয় শোক দিবস-২০১২ উপলক্ষে ঘাসফুল শিশু- কিশোর সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে সবার উপরে স্থান দিয়ে, তাঁকে সকল বিতর্কের উর্দ্ধে রেখে দেশের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কাছে সবার উপরে ছিল দেশ ও দেশের মেহনতি মানুষ। তাই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব না চেয়ে মানুষের অধিকার চেয়েছিলেন। চেয়েছিলেন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে।
// ঢাকা, ৯ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






