বাংলাটাইমস ডেস্ক: ভারতের যোগগুরু রামদেব বিদেশে পাচার করা কালো টাকা দেশে ফিরিয়ে আনার দাবিতে বৃহষ্পতিবার দ্বিতীয় দফা অনির্দিষ্টকালের প্রতিবাদী অনশন শুরু করেছেন।
রামদেব সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে নয়াদিল্লীর রামলীলা ময়দানে উপস্থিত হলে সেখানে সমবেত সমর্থকরা তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানায়।
রাজঘাটে রামদেব বলেন, ‘আমি মহাত্মা গান্ধীর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আমি ভগত সিং, রাজগুরু ও অন্য সাত লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুঃখজনকভাবে দুর্নীতি ও কালো টাকার কারণে তাদের আত্মত্যাগকে অশ্রদ্ধা করা হয়েছে।
দ্বিতীয় দফা প্রতিবাদে রামদেব তার কর্মসূচি কালো টাকা থেকে সম্প্রসারিত করে লোকপাল বিল, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে স্বাধীনতা প্রদান, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক, কেন্দ্রীয় নজরদারি কমিশনার ও সিবিআই পরিচালক নিয়োগ প্রক্রিয়া অধিকতর স্বচ্ছকরণ অন্তর্ভুক্ত করেছেন। গত বছরের ৪ জুন থেকে শুরু হওয়া রামদেবের প্রথম দফা প্রতিবাদ কর্মসূচিতে ৬ জুন মাঝরাতে পুলিশ সম্মত নীতিলঙ্ঘনের অভিযোগে বাধা দেয় এবং নারীর বেশে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
আন্না হাজারে রামদেবের প্রতিবাদ অনশনে যোগ দেবেন বলে ঘোষণা দিলেও অনশন শুরুর সময় তিনি উপস্থিত ছিলেন না।
এক সপ্তাহ আগে আন্না হাজারে তার অনশন সমাপ্ত করার পর রামদেব তার অনশন কর্মসূচি শুরু করছিলেন।
// ঢাকা, ০৯ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//







