বাংলাটাইমস ডেস্ক: ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লোকসভা রাজ্যসভা, সংবিধান, সংসদীয় গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে পাঠ দিলেন সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার শচীন টেন্ডুলকার আর বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে। রাষ্ট্রপতির কাছ থেকে শিক্ষা নিতে পেরে দু’জনেই আনন্দিত। তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।
কাল থেকে শুরু হয়েছে উভয় সভার বর্ষাকালীন অধিবেশন। প্রথমবারের মত শচীন এবং রেখা এসেছিলেন। তারা উভয়েই রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন। দু’জনেই প্রশ্ন-উত্তর এবং জিরো আওয়ার শেষ করে রাইসিনা হিলে রাষ্টপতি ভবনে যান। তাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যান সংসদীয় রাষ্ট্রমন্ত্রী রাজীব শুক্লা। টেন্ডুলকারের সাথে ছিলেন স্ত্রী অঞ্জলী।
ভারতের রাষ্ট্রপতি তাদের সাথে ক্রিকেট ও সিনেমা নিয়ে কথাবার্তা বলেন। অধিবেশনে এসে কেমন লাগছে জানতে চান দীর্ঘ দিনের অভিজ্ঞ পার্লামেন্টিয়ান প্রণব মুখার্জি। তার অভিজ্ঞতা বলার পাশাপাশি তাদেরকে সংসদের নিয়ম-কানুন, ভারতের সংবিধান ও ইতিহাস সম্পর্কে পাঠ দেন। শচীন এবং রেখা উভয়েই মনোযোগী ছাত্রের মত শিক্ষা গ্রহণ করেন।
তাদেরকে রাষ্ট্রপতি ভবনের ইতিহাস তুলে ধরেন প্রণব মুখার্জি। এ সময় তিনি একটি বিশাল আয়তনের টেবিল দেখিয়ে বলেন, এই টেবিলে বসে পন্ডিত জওহরলাল নেহেরু পাকিস্তানের জিন্নাহ এবং লর্ডমাউন্টব্যাটন স্বাক্ষর করেছিলেন ভারত পাকিস্তানের মানচিত্রে।
গতকাল থেকে নিজের নতুন ইনিংস শুরু করলেন শচীন। প্রথম দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, অধিবেশনে যোগদান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ পুরো ব্যাপারটি তিনি খুব উপভোগ করেছেন, অনেক কিছু শিখেছেন।
// ঢাকা, ০৯ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//






