বাংলাটাইমস রিপোর্ট: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছেন, চেয়ারম্যান নন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদই নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে। চেয়ারম্যান বোর্ডের সঙ্গে পরামর্শ করে এমডি নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠন করবেন। ওই কমিটি তিনজনের প্যানেল তৈরি করে বোর্ডের কাছে সুপারিশ করবে। আর এ সুপারিশের আলোকেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্যানেল থেকে এমডি নিয়োগ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব সাংবাদিকদের কছে এ কথা বলেন।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপে রোববার উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে তিনি বলেন- এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি। তবে সরকার কোনোভাবেই ব্যাংকের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করছে না। ড. মুহাম্মদ ইউনূসের অতিরিক্ত সময় এমডি পদে থাকার বৈধতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আদালতের রায়েই তার ৬০ বছরের বেশি সময় দায়িত্বে থাকাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই এ নিয়ে মন্ত্রিসভার কোনো পর্যবেক্ষণ নেই। সচিব জানান, ইউনূস অতিরিক্ত মেয়াদ চাকরিতে থাকাকালে যে বেতন নিয়েছেন, তার বৈধতা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তাই খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
// ঢাকা, ০৬ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







