রাবি প্রতিনিধি: ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনায় ২জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোররাত ৩টার দিকে হলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী মানেজম্যান্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান ও ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের তুষার। এদের মধ্যে তুষারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ হলে তল্লাশী চালিয়ে হাসুয়া, হাতুরী, রডসহ বেশ কয়েকটি দেশয়ি অস্ত্র উদ্ধার করেছে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, কয়েক দিন আগে হলের টেলিভিশন রুমে রিমোট নিয়ে ওই হলের শিক্ষার্থী তুষার ও সমাজকর্ম চতুর্থ বর্ষের শিক্ষার্থী হারুন-অর-রশিদের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। ওই সময় হারুন কয়েকজন ছাত্রলীগ কর্মী নিয়ে তুষারকে মারধর করেছিল। ওই ঘটনার জের ধরে সোমবার ভোররাত ৩টার দিকে তুষারের নেতৃত্বে ৫/৬ ছাত্রলীগ কর্মী সবার অজান্তে সাংবাদিকের (বাংলানিউজের রাবি প্রতিনিধির কক্ষ নং-২২৮) কক্ষসহ ২২৭ থেকে ২৩৬ পর্যন্ত কক্ষগুলো বাইরে থেকে তারকাটা দিয়ে আটকে দিয়ে ২৩৪নং ছাত্রলীগ র্কমী হারুনের কক্ষে গিয়ে হামলা চালায়। হারুন বের না হলে তার পাশের কক্ষ থেকে মেহেদী হাসান বের হন। এ সময় তুষার রামদা দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। মেহিদী মাটিতে লুটিয়ে পরলে হারুন রুম থেকে বেরিয়ে ছাত্রলীগ কর্মী তুষারকে লাঠিসোটা দিয়ে ব্যাপক মারধর করে। এতে তুষার মাথায় আঘাতপ্রাপ্ত হয় । খবর পেয়ে হলের পুলিশ ও শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরি মোহাম্মদ জাকারিয়া ও হল প্রভোস্ট প্রফেসর ড. নারায়ণ রায়রে নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রক্টর চৌধুরি মোহাম্মদ জাকারিয়া জানান, গভীর রাতে হলে ছাত্রদের এ ধরনের ঘটনায় ২৩৪ ও ২৩৫নং কক্ষ সীলগালা করে দিয়েছি। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন জানান, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। ব্যক্তিগত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে। যেখানে ছাত্রলীগের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই বলে তারা দাবি করেন।
//রারি, ৬ জুলাই (বাংলাটাইমস টুয়ন্টেফিোর)//কে কে//






