ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে রোববার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের উপর গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ছাত্রলীগ কর্মীরা ১৫/২০ টি গাড়ি ভাংচুরসহ রোববার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে। ছাত্রলীগের আব্দুল গাফ্ফার গ্র“পের ক্যাডার শিমুলকে এ ঘটনায় দায়ী করে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ নিয়ে ছাত্রলীগের সিনিয়র জুনিয়র গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, রোববার সকাল ১০টার দিকে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন শৈলকুপার বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে ক্যাম্পাসে যাচ্ছিলেন। এ সময় তিনি রাহাতুন্নেছা গার্লস হাইস্কুলের সামনে পৌছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তুহিনকে লক্ষ্য করে দু’টি বোমা নিক্ষেপ ও এক রাউন্ড গুলি বর্ষণ করে। তবে বোমা ও গুলি উভয় লক্ষ্যভ্রষ্ট হয়। ওসি জানান, পুলিশ ছাত্রলীগের অবরোধ আলাচনার মাধ্যমে অপসারণের চেষ্টা চালাচ্ছে।
এদিকে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের উপর গুলি বর্ষণ ও বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ কর্মীরা শৈলকুপার শেখপাড়া বাজারের হাজী মার্কেটের সামনে সমবেত হতে থাকে। এক পর্যায়ে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করতে থাকে। এ সময় বাজারে আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ যাত্রীরা নিরাপদ আশ্রয় খুজতে আশপাশের গ্রামে ঢুকে পড়ে।
ইবি ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সন্ত্রাসীরাই তুহিনকে হত্যার জন্য বোমা হামলা চালিয়েছে এবং ছাত্রলীগের অগ্রযাত্রাকে ব্যাহত ও ইবিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে একটি চক্র নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি তুহিনের উপর হামলাকারীদের অবিলম্বে খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
// ঝিনাইদহ, ০৫ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//






