রাজশাহী ব্যুরো: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা অমান্য করে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে রাজশাহীতে গড়ে উঠা অনুমোদনহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির জন্য মাঠে নেমে পড়েন এসব অবৈধ বিশ্ববিদ্যালয় ব্যবসায়ীরা। ইতোমধ্যেই তারা পত্রিকায় চোখ ধাঁধালো বিজ্ঞাপন আর প্রচারপত্র বিতরণ করে শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়ার চেষ্টা করছে। এমনকি রাজশাহী ক্যাম্পাস ছাড়াও একই নামে আশপাশের জেলা ও উপজেলাগুলোতে ক্যাম্পাস করে সেখানেও ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিশেষ ছাড় আর বিশেষ সুবিধা দেয়ারও প্রতিশ্রুতি রয়েছে এসব বিজ্ঞাপন আর প্রচারপত্রে।
তবে ভর্তির অনুমোদনের প্রক্রিয়াও চলছে বলে দাবি করে এসব অবৈধ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করেই তারা এ ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন। আর আর অনুমোদনহীন এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীরা প্রতারিত হবে বলে মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ১৩(১) নম্বর উপ-ধারা মতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার নিমিত্তে অনুমোদিত ক্যাম্পাস যে শহরে থাকবে তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে।’ ১৩(২) উপ-ধারায় বলা হয়েছে, ‘উল্লেখিত শহর বা স্থানে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস সীমিত রাখতে হবে এবং অন্য কোনো স্থানে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম পরিচালনা বা কোনো ক্যাম্পাস বা শাখা স্থাপন ও পরিচালনা করা যাবে না।’ এরই আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের আউটার ক্যাম্পাস পরিচালনায় অসংগতি দেখায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১০ সালে সকল আউটার ক্যাম্পাসে ভর্তি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে অবস্থিত ৭/৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন করে শিক্ষার্থীদের ভর্তি না করানোর নির্দেশ দেয় ইউজিসি কর্তৃপক্ষ। কিন্তু এ নিষেধাজ্ঞার পর রাজশাহীতে অবস্থিত কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস এর নাম রাতারাতি পরিবর্তন করে। আগের সাইনবোর্ড বদলে ফেলে নতুন নামে তারা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলি দেয়। একই সঙ্গে তারা ২০১১-১২ শিক্ষাবর্ষে বেশ কিছু শিক্ষার্থী ভর্তি করে। সেই সঙ্গে তারা নতুন নামে বিশ্ববিদ্যালয় খোলার আবেদন জানায়। কিন্তু রাজশাহীতে ১৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন জানানো হলেও অনুমোদন পায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নামে মাত্র একটি। ফলে রাজশাহীতে এখন বৈধ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১২-১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। অথচ অনুমোদন না পেলেও ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে ইতোমধ্যেই ৫/৬টি এসব অবৈধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শুধু রাজশাহীতে নয় এসব বিশ্ববিদ্যালয়ের নামে নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পাস করে সেখানেও ভর্তি পক্রিয়া চালাছে তারা। এমনকি উপজেলা পর্যায়েও এসব অবৈধ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে সেখানেও ভর্তির বিজ্ঞাপন ও প্রচারপত্র ছাপা হয়েছে। আর তা দেখা ইতোমধ্যেই বেশ কিছু শিক্ষার্থী ওই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগাযোগও করেছেন।
সূত্র মতে, রাজশাহীতে গড়ে উঠা ৭/৮টি অবৈধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নামে রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যেই তারা ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। একই অবস্থা নগরীতে গড়ে উঠা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে ভর্তি করা হবে বলে তারা জানিয়ে দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দারুল ইহসানের এক কর্মকর্তা বলেন, যোগ্যতা থাকা শর্তেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আসন সংকটের কারণে অনেকেই ভর্তি হতে পারেন না। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসংখ্য মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোই তাদের একমাত্র ভরসা। আর সেখানে শিক্ষর্থীরা ভর্তি হতে না পারলে তারা উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হবেন। ফলে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে ভর্তির অনুমোদনের প্রক্রিয়া চালানো হচ্ছে। আর অনুমোদনের আশায় ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
অপরদিকে, নগরীর ইউটিআইএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও তথ্য কর্মকর্তা সাঈদ রেজা বলেন, ইউজিসির নিষেধাজ্ঞা স্থগিত করে ভর্তির অনুমোনের জন্য প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোন শিক্ষার্থী ভর্তির জন্য যোগাযোগ করলে তাদের এ কথাই বলে হচ্ছে বলে তিনি দাবি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাব্বির সাত্তার তাপু বলেন, রাজশাহীতে গড়ে উঠা অনুমোদনহীন এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হলে তারা প্রতারিত হবে। শিক্ষার্থীরা যাতে প্রতারিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে বলে তিনি মনে করেন।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল হান্নান বলেন, ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে কোন অনুমোদনহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
// রাজশাহী, ৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






