বাংলাটাইমস রিপোর্ট: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন ক্ষুদ্রঋণের মাধ্যমে জনগণের জীবনে বিপর্যয় আনা হয়েছে কি না তা খতিয়ে দেখবে সরকার। এছাড়াও তিনি প্রশ্ন রাখেন নোবেল বিজয়ী ব্যক্তিরা কি আইনের ঊর্ধ্বে? শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ধারাবাহিক আয়োজন মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে অন্তবর্র্তীকালীন সরকার নিয়ে বিরোধীদল অচিরেই আলোচনায় বসবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের এ প্রস্তাবটি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই বলেই তারা বিরোধিতা করছেন। এ সময় গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গ ও ড. ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গ্রামীণ ব্যাংককে ধ্বংস নয়, বরং ৮৬ লাখ মানুষের ২৯ হাজার কোটি টাকা নিয়ে অনিয়ম হয়েছে কি না তা জনগণকে জানাতে চায় সরকার। হানিফ বলেন, ‘আজকে ৮৬ লাখ মানুষের ২৯ হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেছে কার নামে। এ টাকা তো ৮৬ লাখ গ্রাহকের, এ টাকা এ নিয়ে উনি (ড. ইউনূস) কার নামে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। সেই ব্যবসার লাভের টাকা কে ভোগ করছেন। সেই লাভের টাকার কর দিচ্ছে কিনা এগুলো কি জানার সরকারের অধিকার নেই। নোবেল বিজয়ীরা আইনের ঊর্ধ্বে নয় অহেতুক একজন নোবেল বিজয়ী বলে তার সম্মান ক্ষুন্ন হবে এ ধরনের ধোঁয়াসা তুলে আমার মনে হয় একটা বিভ্রান্তি সৃষ্টি করার অর্থ হয় না। । এই বাংলাদেশে কি সাবেক দুই প্রধানমন্ত্রীদের আইনের আওতায় আনা হয়নি।’
// ঢাকা, ৪ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //






