বাংলাটাইমস রিপোর্ট: সরকার পরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্য অধ্যাদেশ সংশোধনে উদ্যোগ নিয়েছে।নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই তারা এ ধরনের হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে জানিয়েছে বিএনপি।শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছে। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।
মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় ইউনূস বলেন, সরকার আসলে গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরি নিতে চায়। সরকারের এই উদ্যোগ প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির প্রস্তাব অনুমোদন করা হয়। সেখানে বলা হয়, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বোর্ডের পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল নির্বাচন করবেন। এ প্যানেল থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করবেন তিনি। এর আগে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ড একটি সিলেকশন কমিটি গঠন করার বিধান ছিল। সংশোধনীতে ওই বিধানটি বাতিল করা হয়েছে।
একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না তা খতিয়ে দেখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
/ ঢাকা, ০৩ আগস্ট (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//






