বাংলাটাইমস ডেস্ক: প্রয়াত পপস্টার মাইকেল জ্যাকসনের তিন সন্তানের স্থায়ী অভিভাবক হিসেবে পুনর্বহাল হলেন তাদের দাদী ক্যাথরিন জ্যাকসন। বৃহস্পতিবার একজন মার্কিন বিচারক এ নির্দেশ দেন।
তবে জ্যাকসনের তিন সন্তানের চাচাত ভাই টিজে যৌথভাবে তাদের অভিভাবকের দায়িত্ব পালন করবে কিনা এ বিষয়ে আদালত কোন সিদ্ধান্ত দেয়নি।
দাদী ক্যাথরিনের আকস্মিক অনুপস্থিতির কারণে গত সপ্তাহে আদালত জ্যাকসনের বড় ভাই টিটোর ছেলে টি জে জ্যাকসনকে অস্থায়ীভাবে মাইকেলের তিন সন্তান প্রিন্স (১৫), প্যারিস (১৪) ও ব্লাংকেটের (১০) অভিভাবক নিযুক্ত করেছিল।
বৃহস্পতিবার ক্যাথরিন ও টিজে’র আইনজীবীরা তিন সন্তানের যৌথ অভিভাকত্ব চেয়ে আদালতের কাছে আবেদন জানান। এ বিষয়ে ২২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। সিদ্ধান্ত না পর্যন্ত টিজে জ্যাকসন অস্থায়ীভাবে যৌথ অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে পারবে।
উল্লেখ্য, মাইকেলের মৃত্যুর পর থেকে ক্যাথরিন তার নাতি নাতনির দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাইকেল কন্যা প্যারিস তার টুইটার বার্তায় দাদীর নিখোঁজ হওয়ার খবর দিলে এ নিয়ে বেশ হইচই পড়ে যায়।
বিনোদন পত্র পত্রিকাগুলো বলেছে, সম্পত্তি হাতিয়ে নেয়ার লক্ষে মাইকেলের ভাই বোনেরা তাদের মাকে অপহরণ করে। কিন্তু ক্যাথরিন জানান, তাকে অপহরণ করা হয়নি। তিনি আরিজোনার স্পা সেন্টারে অবকাশ যাপন করতে গিয়েছিলেন। তখন থেকে তিন সন্তানকে দেখভাল নিয়ে সৃষ্ট জটিলতা বৃহস্পতিবারের সিদ্ধান্তের মধ্যদিয়ে অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে।
// ঢাকা, ০৩ আগস্ট (বাংলাটাইমস ডেস্ক)// এসবি//







