যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোয় নিহত ৯১ - সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত - প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন - আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ
   
হোমপেজ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সাহিত্য ও বিনোদন আলোর পথে 
   

রেললাইন ঘেষে বিপজ্জনক কাঁচাবাজার

মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে রেললাইনের দু’পাশ দখল করেই গড়ে উঠেছে কাঁচামাল ও মুদি দোকানের নানা পণ্যের বাজার। এসব বাজারে ঝুঁকির মধ্যে চলে বেচাকেনা। ট্রেনও চলে ঝুঁকি নিয়ে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপজেলার বারইয়ারহাটে রেলক্রসিং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। রেললাইন জুড়ে প্রতিদিন বসছে কাঁচাবাজার। এসব বাজারে প্রচুর লোকসমাগম ঘটে। ট্রেনের হুইসেল শুনে তাড়াহুড়া করে লাইনের ওপর থেকে বাজারের মালামাল সরিয়ে নেওয়া হলেও ট্রেন চলে যাওয়ার পর আবারও বিক্রেতারা সেখানে বসে যায় পসরা নিয়ে। এছাড়া রেললাইনের দুই পাশ দখল করে নির্মাণ করা হয়েছে দোকানপাটসহ নানা স্থাপনা।
বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, বারইয়ারহাট পৌর বাজারে ব্যবসা করতে হলে পৌর কর্তৃপক্ষকে অনেক টাকা দিতে হয়। কিন্তু রেললাইনের ঘেঁষে অস্থায়ী কাঁচাবাজারে পৌরকর্তৃপক্ষকে অপেক্ষাকৃত কম টাকা দিলেও চলে। ব্যবসায়ীরা জানান, পৌর কর্তৃপক্ষ রিনা রসিদে তাদের কাছ থেকে টাকা আদায় করে। খুচরা ব্যবসায়ীরা তাই রেললাইনের ওপর বাজার বসিয়ে ঝুঁকি নিয়েই ব্যবসা করে যাচ্ছে। ফলে বেঁচে থাকার জন্য ঝুঁকি নিয়েই তারা রেললাইনের পাশে নির্মিত দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে বাধ্য হচ্ছে। রেললাইনের পাশ ঘেঁষে বসা বাজার প্রতি মুহূর্তেই আতঙ্কের। রেল লাইন ঘেঁষে এসব কাঁচাবাজার গড়ে উঠার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এছাড়া রেললাইন ঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে অস্থায়ী দোকান গড়ে তুলেছে অনেকে। নিত্য পণ্য ক্রয় করতে এসে অসাবধানতার কারণে চলমান ট্রেনের নিচে পড়ে হাত পা কাটা পড়ে অনেকে পঙ্গুত্ব বরণ করছে। কখনো আবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে অকাল মৃত্যু হয়।
সরেজমিনে দেখা যায়, রেল গেটের দক্ষিণ প্রাস্দে বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয় গেটের ধারে সারি সারি বাঁশ পড়ে আছে। সেখানেও রেল লাইনকে ঘিরে বসেছে এ বাজার। তাদের সমাগম লাইনের ওপরেই। দূর-দূরান্ত থেকে আসা লোকজন ঝুঁকিপূর্ণভাবে এখানে বাজার করে থাকে। মালামাল কিনতে আসা লোকজন কেনাকাটায় ব্যস্ত থাকার কারণে ট্রেনের আগমন টের না পাওয়ায় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। অবৈধ দোকানদারদের অনেকে ট্রেন আগমনের সময় বাঁশি দিয়ে সতর্ক করার চেষ্টা করলেও কাজ হয় না। কাঁচামাল কিনতে আসা করেরহাট এলাকার বাসিন্দা নূরুল ইসলাম জানান, রেললাইনের ওপর ঝুঁকি নিয়ে বাজার করা নিয়মে পরিণত হয়েছে।
এদিকে রেললাইন দখল করে গড়ে ওঠা এসব অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করা হয়। পৌরসভার অসাধু কর্মকর্তারা চাঁদার ভাগ পাওয়ার বিনিময়ে এদের বসার সুযোগ করে দেয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের ভূঁইয়া পৌর কর্তৃপক্ষের চাঁদার আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতায় রেললাইনের উপর এসব বাজার গড়ে উঠেছে। জিআরপি পুলিশ ও রেলওয়ের ভূমি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা চাঁদার ভাগ পাওয়ার বিনিময়ে এদের বসার সুযোগ দিয়েছে। অবিলম্বে এসব কাঁচাবাজার সরানো না গেলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
// মীরসরাই, ৩০ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//


PrintFriendly

© 2013 Bangla News | Bangladeshi News Portal | Bengali newspaper of Bangladesh. All Rights Reserved.

Designed by PSD to XHTML Company | Powered by Wordpress

About Us | Contact Us
Copyright © 2010 by BanglaTimes24.com, All Rights Reserved.