গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী নওশের আলীর উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শত-শত এলাকাবাসী। এসময় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। রোববার দুপুরে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের শত শত নারী-মানুষ শহরের হরিদাসপুর ফেরীঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কাজী সাইদুর রহমান, বাবলু কাজী, দুলাল মোল্যা প্রমূখ। বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানায়। বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই সকালে গোপালগঞ্জে আসার পথে নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কাজী নওশের আলী উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ওই দিনই তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
// গোপালগঞ্জ, ২৯ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//







