বাংলাটাইমস রিপোর্ট: রাজধানীর গুলশানে নিজ বাড়িতে ফজলুল হক (৭২) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার। নিহত ফজলুল হকের বড় মেয়ে হাসিনা জাকের জানান, তাঁর বাবা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে ঘুমাতে পারতেন না। তাই তিনি সাধারণ একটি কক্ষে একা ঘুমাতেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঘুম থেকে না ওঠায় নকল চাবি দিয়ে ওই কক্ষের তালা খোলা হয়। এ সময় তাঁর পরিবারের লোকজন তাঁকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। তাঁর গলায় ছুরি দিয়ে কাটার দাগ রয়েছে।
রোববার সকালে নিজের কক্ষে ওই ব্যবসায়ীর লাশ তার স্বজনরা দেখতে পায়। নিহত ফজলুল হক রঙ তৈরির কাঁচামাল আমদানি করতেন। এছাড়া হক পেইন্টস নামে উৎপাদিত রঙ ওই ব্যবসায়ীর পারিবারিক প্রতিষ্ঠান। ফজলুল হক (৭০) গুলশান দুই নম্বরের ৫১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে থাকতেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম জানিয়েছেন, হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী, গাড়িচালকসহ ছয়জনকে আটক করা হয়েছে।
// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//






