বাংলাটাইমস রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কখনোই সম্ভব নয়। বিশ্বব্যাংকের অর্থায়নের জন্য অর্থমন্ত্রীর প্রচেষ্টা প্রধানমন্ত্রী ব্যর্থ করে দিচ্ছেন। এমনকি এ সেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পরস্পরবিরোধী বক্তব্য রাখছেন। এ সেতু নির্মানে সরকারের মধ্যে কোন সমন্বয় নেই। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে চেষ্টা অর্থমন্ত্রী করছেন তা প্রধানমন্ত্রী ব্যর্থ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই চাননা বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হোক। এ সময় বিশ্বব্যাংকের অর্থায়ন নাকি নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ হবে তা নিয়ে সরকার তামাশা শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে লজ্জিত করেছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় মানুষ বিভ্রান্ত। তিনি আসলে কী চান বলা মুশকিল। মনে হয়, তিনি নিজেই চান না পদ্মা সেতু হোক। না হলে তিনি এ ধরনের কথা বলবেন কেন?’
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ‘সরকারের অসহিষ্ণু রাজনীতি, সীমাহীন দুর্নীতি ও দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আয়োজক সংগঠনের সভাপতি মেহবুব রহমান প্রমুখ বক্তব্য দেন।
// ঢাকা, ২৯ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম)// এসবি//






