ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মহাবিদ্যালয়ে ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা এক কলেজ শিক্ষকের উপর হামলা চালিয়ে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় বখাটে সন্ত্রাসী টিপু, শাওন ও দুলালের নেতৃত্বে ভুগোল বিভাগের প্রভাষক আব্দুর রহমানকে মারপিট করে। একই কলেজের কয়েকজন ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা কলেজ অভ্যান্তরে ঢুকে এ ঘটনা ঘটায়। এরপর তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলামের কক্ষে গিয়ে তাকে কলেজ ছেড়ে যাওয়ার হুমকি দেয়। না গেলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় বখাটে সন্ত্রাসীরা।
মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কিছু বহিরাগত বখাটে সন্ত্রাসীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যাক্ত করছিল, এ সময় কলেজের শিক্ষক তাদের কে ক্যাম্পাস থেকে চলে যেতে বললে তারা ওই শিক্ষককে শারিরীক ভাবে লাঞ্চিত করে, পরে তারা আমার কক্ষে ঢুকে আমাকে ও প্রাণনাশের হুমকি দিয়ে এখান থেকে চলে যেতে বলেন।
এ ঘটনার পরে বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে।
পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে কলেজের টিচার্স কাউন্সিল এ ঘটনার পরে জরুরী সভা করে সন্ত্রাসীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
//ফরিদপুর, ২৫ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর)//এম.সি//







