বাংলাটাইমস রিপোর্ট: মঙ্গলবার একনেক সভায় ২ হাজার ৩২৩ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মাঝে শহর এলাকার দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে ৬৬০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচিত পার্টনার এনজিও’র মাধ্যমে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ৫ বছর মেয়াদি এ প্রকল্পে এডিবি, সুইডিশ সিডা ও ইউএনএফপিএ ৫৮৪ কোটি টাকা প্রদান করবে।
একনেক সভায় ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্প’ নামের ৬৯৫ কোটি টাকার অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় দেশের সমতল এলাকায় ৪৫৯টি উপজেলায় ৩০ হাজার ১৩৩ মিটার সেতু/কালভার্ট নির্মাণ করা হবে। ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর কর্তৃক কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বিভিন্ন উপজেলায় নির্মিত রাস্তায় পানি নিষ্কাশন ও নৌচলাচলের জন্য রাখা গ্যাপে এসব কালভার্ট তৈরি হবে।
আজকের সভায় সর্বমোট ২ হাজার ৩২৩ কোটি টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৭৩৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৫৮৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো- জিউবি ৫২ কোটি টাকা ব্যয়ে ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন’ প্রকল্প; জিওবি ৪৬ কোটি টাকা ব্যয়ে ‘প্রকিউরমেন্ট অব মডার্ন ইকুইপমেন্ট এন্ড ফেসিলিটিস ফর বর্ডার গার্ড বাংলাদেশ (সংশোধিত) প্রকল্প; জিওবি ৫৪৫ কোটি টাকা ব্যয়ে ‘ইস্টাবলিসমেন্ট অব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, কিশোরগঞ্জ’ প্রকল্প; জিওবি ১৪৩ কোটি টাকা ব্যয়ে ‘জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের উপর দুইটি ব্রিজ নির্মাণ (সংশোধিত)’ প্রকল্প; জিওবি ১৪৮ কোটি টাকা ব্যয়ে ‘নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদী নিষ্কাশন (৩য় সংশোধিত)’ প্রকল্প’ এবং জিওবি ৩৪ কোটি টাকা ব্যয়ে ‘ডেভেলপমেন্ট অব ওয়াটার সাপলাই সিসটেম ইন রাজশাহী সিটি’ প্রকল্প।
// ঢাকা, ২৪ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //







